কলকাতা- বাবরের নামে কোনও মসজিদ বা স্থাপত্য নির্মাণে যেন অনুমতি না-দেওয়া হয়! এই মর্মেই নির্দেশের জন্য সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা।
বাবরের নামের পাশাপাশি বাবরি মসজিদের নামও যাতে পুনরায় ব্যবহার করতে না-দেওয়া হয়, সেই আবেদনও জানান হয়েছিল সংশ্লিষ্ট মামলায়।
এই আবেদন শুনতেই রাজি হল না শীর্ষ আদালত। তারপরই আবেদনকারীর আইনজীবী মামলাটিকে প্রত্যাহার করে নেন।
সংশ্লিষ্ট মামলায় তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের মুর্শিদাবাদের বেলডাঙার বাবরি মসজিদের প্রসঙ্গ তুলে ধরেন মামলাকারী।
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি শোনার জন্য আবেদন জানান সওয়ালকারীর আইনজীবী। কিন্তু এই আর্জিতে কর্ণপাত করল না শীর্ষ আদালত।
এজলাসে মামলাকারীর আইনজীবী মোঘল সম্রাট বাবরকে ‘সাম্রাজবাদী’ বলে অভিহিত করেন। তাঁর যুক্তি, দেশের অন্দরে বাবরের নামে নতুন করে কোনও মসজিদ বা স্থাপত্যনির্মাণ করা উচিত নয়।
এই যুক্তি শোনার পরেও কোনও বিশেষ প্রতিক্রিয়া দেয়নি বিচারপতি বেঞ্চ। মামলা গ্রহণে অনীহা প্রকাশ করে শীর্ষ আদালত। ফলত নিজে থেকেই মামলাটি প্রত্যাহার করে নেন আইনজীবী।
উল্লেখ্য, তৃণমূল সাসপেন্ড করার পরই বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করবেন বলে জানিয়েছিলেন হুমায়ুন কবীর। সেই মতো গত বছরের ৬ ডিসেম্বর বেলডাঙায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর করেন জনতা উন্নয়ন পার্টির আহ্বায়ক হুমায়ুন কবীর।
চলতি মাসের ১১ ফেব্রুয়ারি থেকে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। হুমায়ুন জানিয়েছেন, ২ বছরের মধ্যে মসজিদ নির্মাণের কাজ শেষ হবে। তারপর থেকেই তুঙ্গে বিতর্ক।
