কলকাতা- প্রতীক উর রহমানকে নিয়ে সরগরম বাংলার রাজনীতি। ডায়মন্ড হারবারের তরুণ সিপিএম নেতা প্রতিকুর রহমানকে ঘিরে জল্পনার মাঝে এবার মুখ খুললেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
প্রতিকুরকে হারানো সন্তানের মৃত্যুর সঙ্গে তুলনা করলেন তিনি। আবার দলীয় শৃঙ্খলা রক্ষায় কড়া অবস্থান স্পষ্ট করে দিলেন। সেলিমের ইঙ্গিত— আবেগ নয়, সংগঠনের নীতিই শেষ কথা।
সাংবাদিক সম্মেলনে প্রতিকুর প্রসঙ্গে প্রশ্ন উঠতেই মহম্মদ সেলিমের বিরক্তি ছিল চোখে পড়ার মতো। তিনি বলেন, “আমি কারও শুনানির বিচারক নই। সাংবাদিক বৈঠক রায় দেওয়ার জায়গা নয়।”
পরে তিনি জানান, গত দেড়-দু’মাস ধরে প্রতিকুরের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। দলের অভ্যন্তরীণ কমিটি তা খতিয়ে দেখছে।
প্রতিকুর তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন কি না, এমন প্রশ্নে সেলিম জানান যে তিনি সংবাদমাধ্যম থেকেই এমনটা জানতে পেরেছেন।
তিনি বলেন, “প্রতিকুরের ব্র্যান্ড ভ্যালু সিপিএম থেকেই তৈরি হয়েছে। এমন কর্মীকে হারানো সন্তানের মৃত্যুর মতো বেদনার।”
পরক্ষণেই তাঁর সংযোজন, “মা সন্তানের মৃতদেহ আগলে রাখে, এটা সায়েন্টিফিক নয়।” রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যের মাধ্যমে সেলিম বুঝিয়ে দিলেন যে প্রতিকুর দল ছাড়লে সিপিএম তাঁকে আটকানোর জন্য মরিয়া হবে না।
সদ্য সমাপ্ত সিপিএমের রাজ্য সম্মেলনেও প্রতিকুরকে ডাকা হয়নি। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, তাঁর লড়াই নির্দিষ্ট কয়েকজন নেতার বিরুদ্ধে।
