কলকাতা- বিশ্বকাপের সুপার এইট ম্যাচের আগেই বড় ধাক্কা খেল ভারতীয় দল। চিন্তা বাড়ল। অনুশীলনে চোট পেলেন মহম্মদ সিরাজ।
শুক্রবার সন্ধেয় আমেদাবাদে অনুশীলনের সময় কাতরাতে কাতরাতে মাঠ থেকে বেরিয়ে যান হায়দরাবাদি পেসার।
এর আগে বিশ্বকাপে অভিষেক শর্মা একটি ম্যাচ খেলেই হাসপাতালে ছুটেছিলেন। সুস্থ হয়ে মাঠে ফিরলেও রানে নেই। বুমরাও হালকা চোটের জন্য একটি ম্যাচ খেলেননি। ওয়াশিংটন চোট সারিয়ে দলে ঢুকলেও এখনও অবধি খেলেছেন একটি ম্যাচ। হর্ষিত রানা ছিটকেই গিয়েছেন। তাঁর বদলে দলে এসেছিলেন মহম্মদ সিরাজ।
আমেরিকার বিরুদ্ধে ম্যাচে তিন উইকেটও নিয়েছিলেন সিরাজ। তার পর আর প্রথম এগারোয় জায়গা হয়নি। শুক্রবার সন্ধেয় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুশীলনের সময় হার্দিকের জোরালো একটি শট সিরাজের বাঁ হাঁটুতে লাগে।
আপাতত ভারতের পেস আক্রমণ সামলাচ্ছেন বুমরা ও অর্শদীপ। সঙ্গে হার্দিক ও শিবম দুবে। তাই সিরাজের চোট অতটা প্রভাব নাও ফেলতে পারে না টিম কম্বিনেশনে। সিরাজের চোট কতটা গুরুতর সে বিষয়ে টিম ম্যানেজমেন্ট বা বিসিসিআই সরকারিভাবে কিছু জানায়নি। উল্লেখ্য, টি–২০ বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হচ্ছে আজ থেকে।
