কলকাতা- শীতের বিদায়। বসন্তের শুরুতেই রাজ্যের প্রকৃতিতে এক অন্য রূপ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে অক্ষরে অক্ষরে মিলিয়ে মঙ্গলবার ভোর থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
মূলত বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার ফলেই এই বিপরীতধর্মী আবহাওয়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ কলকাতায় মাঝারি বৃষ্টি শুরু হয়। মহানগরের পাশাপাশি উত্তর ২৪ পরগনা, মেদিনীপুর ও হুগলির বিভিন্ন জায়গায় বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যায়।
বৃষ্টির স্থায়িত্ব খুব বেশি ছিল না এবং সময়ের সঙ্গে সঙ্গে তা হালকা হয়ে থেমে যায়। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এই অকাল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার প্রভাবে ক্ষয়ক্ষতির খবরও সামনে আসছে।
বিশেষ করে হুগলি ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ঝড়ের দাপটে আমের মুকুল ঝরে যাওয়ায় উদ্বেগে পড়েছেন চাষিরা। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার ঝড়বৃষ্টি সহ বজ্রপাতের হলুদ সতর্কতা রয়েছে। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এছাড়া হুগলী, ঝাড়গ্রাম ও নদিয়াতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলোতেও আবহাওয়ার পরিবর্তনের সংকেত দেওয়া হয়েছে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলার বেশ কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পাহাড়ি অঞ্চলে বৃষ্টির ফলে তাপমাত্রার কিছুটা হেরফের হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে জলীয় বাষ্প প্রবেশের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে অব্যাহত থাকতে পারে।
