কলকাতা- রাজ্যে বাম আমলের শিক্ষানীতি নিয়ে ফের একবার পুরনো ক্ষত খুঁচিয়ে দিলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে সিপিএম জমানায় প্রাথমিক স্তর থেকে ইংরেজি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কড়া সমালোচনা করতে শোনা গিয়েছে।
রাজের দাবি, সেই সময়ের ওই সিদ্ধান্তের কারণেই পশ্চিমবঙ্গের এক বিশাল অংশের ছাত্রছাত্রী সর্বভারতীয় স্তরে পিছিয়ে পড়েছিল। সেই তালিকায় তিনি নিজেও রয়েছেন। বিধায়কের এই মন্তব্য ঘিরেই এখন সরগরম রাজ্য রাজনীতি।
তাঁর ছেলে ইউভান এই বয়স থেকেই গড়গড় করে ইংরাজি বলে। রাজ বলেন, ‘সিপিএমের সময় ইংরেজি তুলে নেওয়া হয়েছিল। যখন দেওয়া হল ইংলিশে তখন হাবুডুবু খাচ্ছি। ইংলিশের ভয়েই একটা সময় পড়াশোনা থেকে দূরে থেকেছি’। কিন্তু পিছিয়ে পড়ার ভয়ে নতুন করে ইংরাজি চর্চা শুরু করেন রাজ। তখন নতুন উপলব্ধি হয় তাঁর।
তিনি বলেন, ‘মনে হয়েছিল কেন শুরু থেকে শিখলাম না? কেন শুরু থেকে আমাকে সুযোগ দেওয়া হল না। তাহলে কমিউনিকেট করা আরও সহজ হত। বাংলা তো জানবে (সন্তানরা) কিন্তু ইংরাজিটাও জানতে হবে।’
রাজের মতে, সুপরিকল্পিতভাবে একটি প্রজন্মকে ইংরেজি শিক্ষা থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল, যার মাশুল আজও দিতে হচ্ছে রাজ্যের অনেককে। নিজের ছেলে ইউভানের উদাহরণ টেনে বলেন, এই বয়স থেকেই তিনটে ভাষা জানে ইউভান। ইংরাজি, বাংলার পাশাপাশি হিন্দিতেও কথা বলে ইউভান।
রাজের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটিজেনদের এক পক্ষ রাজের সুরে সুর মিলিয়ে বামেদের দুষছেন, অন্য পক্ষ আবার প্রশ্ন তুলছেন বর্তমান শিক্ষা ব্যবস্থার হাল নিয়ে।
