কলকাতা- বসন্তে আবহাওয়ার খামখেয়ালি! প্রকৃতি যখন নতুন সাজে সাজছে, তখনই আবহাওয়ার মেজাজে দেখা দিচ্ছে চরম বৈপরীত্য।
ফেব্রুয়ারির শেষ লগ্নে এসে দক্ষিণবঙ্গ যখন ভোরের মিঠে রোদে হালকা শীতের আমেজ উপভোগ করছে, ঠিক তখনই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা রাজ্যজুড়ে এক মিশ্র আবহাওয়া বজায় থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে, যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
এমনকী সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনার কথা মাথায় রেখে দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলোতে ফের কনকনে ঠান্ডার প্রাদুর্ভাব দেখা দিতে পারে।
আবহাওয়াবিদরা কিছু পকেট এলাকায় ‘গ্রাউন্ড ফ্রস্ট’ বা তুষারপাতের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না। তবে রবিবারের পর থেকে উত্তরের পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গেরজেলাগুলোতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এখানে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সকাল এবং সন্ধ্যায় মনোরম ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে, যা কিছুটা অস্বস্তি তৈরি করতে পারে। ১ মার্চ থেকেই দক্ষিণবঙ্গে এক ধাক্কায় পারদ ৪ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর।
