কলকাতা- বিধানসভা ভোটের ডিউটি করতে এসেছিলেন বাংলায়। আর এখানে এসে মৃত্যু হল এক কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের।
পূর্ব বর্ধমানের ঘটনা। মৃতের নাম নগ্রেন্দ্র সিং। ক্যাম্পে থাকাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে খবর! পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সাধারণ মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে? খতিয়ে দেখা হচ্ছে।
ভোটের জন্য রাজ্যের একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। ক্যাম্প করে বাহিনীকে রাখা হয়েছে। এলাকাগুলিতে রুটমার্চ করে জনসংযোগও শুরু করেছে বাহিনী।
গতকাল সন্ধের পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন নগ্রেন্দ্র সিং। ক্রমে শারীরিক অবস্থার অবনতি হয়। রাত ন’টা নাগাদ তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি।
রাতেই তিনি হাসপাতালে মারা যান। জানা গিয়েছে, নগেন্দ্র সিং CRPF-এর সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তিনি বিহারের বৈশালী জেলার সরাই থানা এলাকার বাসিন্দা। বিহারের জামুইয়ের সিআরপিএফের ২১৫ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। তাঁর পরিবারের সদস্যদের দুঃসংবাদ পাঠানো হয়েছে।
