কলকাতা- দোল খেলে গঙ্গায় গিয়েছিলেন স্নান করতে। ৫-৬ জন বন্ধু মিলে। সাঁতার কেটে ঘাট থেকে কিছুটা দূরে যেতেই নিখোঁজ হয়ে যান চার জন।
তাঁদের খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে ভাটপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে। ডুবুরি নামিয়ে রাত সন্ধ্যার আগে পর্যন্ত তল্লাশি চালানো হয়। আজ ফের তল্লাশি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোল খেলা শেষ করে গঙ্গাস্নান করতে নেমেছিল দুই যুবক এক যুবতী। তিনজন ভাটপাড়া বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছিল। তিনজনই জলে তলিয়ে যায়। সেই সময়ে গঙ্গাপাড়ে বসেছিলেন সৌরভ সরকার নামে এক যুবক। ওই তিনজনকে বাঁচাতে তিনিও গঙ্গায় ঝাঁপ দেন। তিনিও তলিয়ে যান।
জানা গিয়েছে, প্রথম দুই যুবক সৈকত নন্দী (৩২)এবং সৌরভ নন্দী (২৭)। তাঁরা ভাটপাড়া পৌরসভায় ৩৪ নম্বর ওয়ার্ডের মাদরাল গভর্মেন্ট কলোনি এলাকার বাসিন্দা। দীপশিখা দাস রজক নামে বছর কুড়ির ওই যুবতী কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে।
তিনজনকেই বাঁচাতে গিয়েছিলেন সৌরভ সরকার, তিনি ভাটপাড়া পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কান্নায় ভেঙে পড়েছেন সৌরভের মা। খবর পেয়ে ভাটপাড়া থানার বিশাল বাহিনী ঘটনাস্থলে যায়।
