পদের ‘মোহ’ ছাড়ুন, না হলে রেয়াত নেই! কলকাতায় বসে আমলাদের কড়া বার্তা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের

কলকাতা- বাংলায় আসন্ন নির্বাচনে কোনওভাবেই হিংসা বরদাস্ত করা হবে না—সোমবার কলকাতার বৈঠকে রাজ্যের উচ্চপদস্থ আমলা ও পুলিশি কর্তাদের এই বার্তাই দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর এদিন জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বিশেষ বৈঠকে বসেন তিনি। সেখানে আধিকারিকদের উদ্দেশে কমিশনারের কড়া মন্তব্য, “অন্য রাজ্যে এত হিংসা দেখা যায় না। বাংলাতেই কেন ভোটের সময় এত অশান্তি?”

আধিকারিকদের পদের ‘মোহ’ ভুলে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন জ্ঞানেশ কুমার। তিনি সাফ জানান, জেলাশাসক হোন বা পুলিশ কমিশনার—কর্তব্যে গাফিলতি দেখা গেলে কেউ পার পাবেন না। এমনকি নির্বাচন মেটার পর কোনো আধিকারিক দোষী সাব্যস্ত হলেও তাঁর বিরুদ্ধে পদক্ষেপ অনিবার্য।

নির্বাচন পরবর্তী হিংসা রুখতে এবার ‘শেষ দেখে ছাড়বেন’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কমিশনারের মতে, বিশেষ নিবিড় পরিমার্জন পর্বেও অনেক আধিকারিক গাইডলাইন অমান্য করেছেন, যা একেবারেই কাম্য নয়।

এদিন কমিশনের কাছে ১৬ দফা দাবিপত্র পেশ করে বিজেপি। বৈঠক শেষে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “আমরা ভয়মুক্ত নির্বাচন এবং কেন্দ্রীয় বাহিনীর সঠিক ব্যবহারের দাবি জানিয়েছি।”

মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *