কলকাতা- কেন্দ্রীয় সরকার ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার ছক কষেছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইঙ্গিত এসেছে!
সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমন দাবি করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল এই কারণে ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ দেওয়ার বিরুদ্ধে লড়াই করছে বলে জানান তিনি।
মেট্রো চ্যানেলে সোমবার মমতার ধর্নামঞ্চে অভিষেক বলেন, ‘দিল্লি থেকে একজন আমলা আমাকে গতকাল (রবিবার) রাতে ফোন করেছিলেন। তিনি বলেছেন, এদের ষড়যন্ত্র আরও বৃহৎ। গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা আছে, সেই টাকা এই বিজেপির নেতারা আত্মসাৎ করবে।’
কী ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হবে? অভিষেকের দাবি, ‘ভোটার তালিকা থেকে যদি নাম বাদ যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে গেলে বলবে কেওয়াইসি জমা করো। ভোটার কার্ড দাও। ভোটার কার্ড দিতে না পারলে মোদিবাবু অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকা নিয়ে নেবেন। এই হচ্ছে এদের অভিসন্ধি।’
ওদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ‘সম্পূর্ণ মিথ্যাচার করা হচ্ছে। এই তৃণমূল নেতৃত্ব বলেছিলেন, সিএএ–তে যাঁরা নাম তুলবেন তাঁদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। সরকারি সুবিধা তাঁরা পাবেন না।
অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব মনে করছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কিংবা আপডেট করার ক্ষেত্রে যদি অনলাইনে ভোটার তালিকায় নাম রয়েছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রীয় সরকার দেয়, তা হলে যে বৈধ ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় বাদ গিয়েছে বা ‘অ্যাজুডিকেশন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই ব্যক্তিরা সমস্যায় পড়বেন।
