কলকাতা- ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট। সেই ছায়া এবার বাংলাতেও।
পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই বুধবার আলিপুরের ‘সৌজন্য’ প্রেক্ষাগৃহে তেল ও গ্যাস সরবরাহকারী সংস্থাগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রান্নার গ্যাস এবং অটোর জ্বালানি নিয়ে তৈরি হওয়া সমস্যা মেটাতে একগুচ্ছ কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তিনি।
ঘণ্টাখানেকের রুদ্ধশ্বাস বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, জ্বালানি তেলের তুলনায় এলপিজি বা রান্নার গ্যাসের সমস্যা বর্তমানে বেশি প্রকট।
মুখ্যমন্ত্রী সাফ নির্দেশ দিয়েছেন, “রাজ্যে বর্তমানে যে পরিমাণ গ্যাস মজুত আছে, তা আপাতত অন্য কোনো রাজ্যে পাঠানো যাবে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।”
মুখ্যমন্ত্রী আরও জানান, একটি নির্দিষ্ট এসওপি বা নির্দেশিকা তৈরি করা হবে যাতে সরবরাহ স্বাভাবিক থাকে।
বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করে বলেন, “গ্যাস ডিলার ও তেল সংস্থাগুলো আমাদের আশ্বাস দিয়েছে যে— হাসপাতাল, স্কুলের মিড-ডে মিল এবং আইসিডিএস সেন্টারগুলোতে জ্বালানির কোনো অভাব হবে না। আমি সবাইকে অনুরোধ করছি, দয়া করে আতঙ্কিত হবেন না।”
সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
