কলকাতা- জল্পনার অবসান ঘটিয়ে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃণমূলের প্রার্থী। সোমবার বিজেপি এই আসনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে। নন্দীগ্রামের পাশাপাশি শুভেন্দু ভবানীপুরেও লড়বেন।
ভবানীপুর বিধানসভা কেন্দ্র চিরকালই বাংলার রাজনীতির ‘এপিসেন্টার’। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর রাজনৈতিক দ্বৈরথ এই কেন্দ্রকে ঘিরে নির্বাচনি লড়াইয়ে এক অনন্য মাত্রা যোগ করেছে।
এককালে মমতাপন্থী ও তৃণমূলের অন্যতম সেনাপতি শুভেন্দু আজ বিজেপির প্রধান মুখ, যা এই লড়াইকে ব্যক্তিগত ও আদর্শগত সংঘাতের এক চরম পর্যায়ে নিয়ে গিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চারণভূমি ভবানীপুর। এখান থেকেই তাঁর উত্থান এবং মুখ্যমন্ত্রী হিসেবে বারবার জয়।
অন্যদিকে, নন্দীগ্রামে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতাকে পরাজিত করার পর শুভেন্দু অধিকারীর লক্ষ্য এখন তৃণমূল নেত্রীর খাসতালুকে পদ্ম ফোটানো।
শুভেন্দুর আক্রমণাত্মক প্রচারের মূল সুর হলো— ভবানীপুর কেবল কোনো বিশেষ গোষ্ঠীর নয়। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উন্নয়ন এবং ‘ঘরের মেয়ে’ ভাবমূর্তিকে হাতিয়ার করে এই লড়াইয়ে অবতীর্ণ।
