কলকাতা- ২০২৬ বিধানসভা নির্বাচনে রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। সেখানে প্রার্থী নিয়ে সব জল্পনার অবসান ঘটল।
মেদিনীপুরের ভূমিপুত্র তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী করল পবিত্র করকে। বিজেপিতে বড়সড় ভাঙন ধরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন পবিত্র।
যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর নাম নন্দীগ্রামের প্রার্থী হিসেবে চূড়ান্ত করল জোড়াফুল শিবির।
রাজনৈতিক মহলে পবিত্র কর অত্যন্ত দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। বিশেষ করে নন্দীগ্রামের বয়াল ও তৎসংলগ্ন এলাকার প্রতিটি বুথ তাঁর নখদর্পণে।
একসময় তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি পদে থাকা পবিত্র গত বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর ভোট কৌশলের অন্যতম কারিগর ছিলেন।
শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট নেতার বিরুদ্ধে লড়াই করতে নন্দীগ্রামের মাটি চেনেন এমন কাউকেই চাইছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পবিত্র করকে প্রার্থী করে বিজেপিকে তাদেরই গড়ে অস্বস্তিতে ফেলতে চাইল শাসক দল।
