কলকাতা- বিধানসভা নির্বাচনের বাকি ৩৯টি আসনের প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত আলোচনার জন্য দিল্লির দরবারে বঙ্গ বিজেপি নেতৃত্ব।
শনিবারই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন। প্রকাশিত প্রার্থী তালিকা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে কর্মী অসন্তোষ দেখা দিয়েছে, তা মাথায় রেখেই বাকি আসনগুলির ক্ষেত্রে অত্যন্ত সতর্ক পদক্ষেপ নিতে চাইছে দল।
সূত্রের খবর, শমীক ভট্টাচার্য প্রাথমিকভাবে আরএসএস নেতৃত্ব এবং পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা ভূপেন্দ্র যাদব ও অমিত মালব্যের সঙ্গে বৈঠক করবেন। গুরুত্বপূর্ণ বৈঠকটি হতে পারে রবিবার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের উপস্থিতিতে জেপি নাড্ডার বাসভবনে ওই বৈঠকে প্রার্থী তালিকার চূড়ান্ত রূপরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, এবার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় নেতা-কর্মীদের মতামতের পাশাপাশি কেন্দ্রীয় সমীক্ষকদের অভ্যন্তরীণ রিপোর্টকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
একাধিক আসনে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তই শেষ কথা হিসেবে গণ্য হচ্ছে। দল চাইছে না যে, প্রার্থী নিয়ে কোনো অভ্যন্তরীণ বিবাদ নির্বাচনের সামগ্রিক ঐক্যের ভাবমূর্তিতে প্রভাব ফেলুক।
ইতিমধ্যেই বিজেপি প্রথম দফায় ১৪২ জন এবং দ্বিতীয় দফায় ১৩৯ জনের নাম প্রকাশ করেছে। তৃণমূলের মতোই বিজেপির তালিকাতেও অনেক পুরনো মুখ বদলে নতুনদের সুযোগ দেওয়া হয়েছে, যা নিয়ে দলের অন্দরে চাপানউতোর চলছে।
প্রসঙ্গত, এবার বাংলায় দুই দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। প্রথম দফার ভোট আগামী ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। সব কটি কেন্দ্রের ফলাফল ঘোষণা হবে ৪ মে।
