কলকাতা- সামনেই বিধানসভা নির্বাচন। প্রথম থেকেই প্রচারে ঝড় তোলা শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। করলেন তৃণমূলের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার।
পাথরপ্রতিমা কলেজ গ্রাউন্ডের প্রচার সভায় অভিষেক বলেন, “দক্ষিণ চব্বিশ পরগনা যা আজ ভাবে, গোটা বাংলা কাল ভাবে। আর বাংলা আজ যা ভাবে গোটা ভারত কাল তা ভাবে। এই বাংলার মাটি থেকে দেশে বদলের সূত্রপাত হবে।”
অভিষেক বলেন, “চতুর্থবার মমতা সরকার এলেই ১০টি কাজে গুরুত্ব দেওয়া হবে। প্রথমেই পাঁচটি কাজে গুরুত্ব দেওয়া হবে। এগুলো হল- ২ কোটি ৪০ লাখ মায়েদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দেওয়া, আগামী পাঁচ বছরের মধ্যে সকলের পাকা বাড়ির সংস্থান, রাজ্যের সব মহকুমায় সেবাশ্রয়ের মতো দুয়ারে চিকিৎসার আয়োজন, সব বাড়িতে নলবাহিনী পানীয় জলের সুব্যবস্থা, সব প্রবীণকে বার্ধক্য ভাতা দেওয়া হবে।”
এছাড়াও, স্কুল, জেলা গঠন-সহ তৃণমূলের ইস্তেহারে বর্ণিত বাকি প্রতিশ্রুতিগুলোর কথাও তুলে ধরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “স্বাধীনতার পর থেকে, ২০১১ পর্যন্ত পাথরপ্রতিমায় যা কাজ হয়েছে, ১৫ বছরে তার দশগুণ হয়েছে। গ্রামীণ হাসপাতাল নিয়ে এখানকার মানুষের অভিযোগ রয়েছে, চতুর্থবার সরকার গড়ার পর অগ্রাধিকার দিয়ে দেখা হবে। পাথরপ্রতিমায় বাস টার্মিনাসের দাবি রয়েছে, একটা সমীক্ষা করে সেটাও সম্ভব হলে করা হবে।”
