তৃণমূলের চেয়ে বামেরা ভাল ছিল! বিস্ফোরক অমিত শা, কলকাতায় এসে বিজেপির ‘জনগণের চার্জশিট’ পেশ

কলকাতা- বিধানসভা নির্বাচনের মুখে বাংলার রাজনৈতিক হাওয়া গরম। শনিবার কলকাতায় তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির তৈরি করা ‘অভিযোগনামা’ প্রকাশ করেন অমিত শাহ।

তিনি দাবি করেন, গত ১৫ বছরে পশ্চিমবঙ্গ কেবল অরাজকতা, দুর্নীতি আর সিন্ডিকেট রাজের সাক্ষী থেকেছে। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, বর্তমানে বাংলার মানুষের মনে হচ্ছে এর চেয়ে বামেরাই ভাল ছিল।

অমিত শা তৃণমূলের গত দেড় দশকের শাসনকে ১৪টি ক্ষেত্রে ব্যর্থ বলে চিহ্নিত করেন। তাঁর প্রধান অভিযোগগুলি ছিল:

রাজ্যজুড়ে তোলাবাজি এবং সিন্ডিকেট ব্যবস্থা প্রশাসনকে পঙ্গু করে দিয়েছে।

রাজনৈতিক ফায়দা তুলতে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, যা রাজ্যের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

গত ১৫ বছরে নারীদের বিরুদ্ধে অপরাধের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। অমিত শা’র কথায়, “এবারের লড়াই ভয় বনাম ভরসার। বাংলার মানুষ সোনার বাংলার স্বপ্ন নিয়ে পরিবর্তন এনেছিল, কিন্তু সেই আশা আজ ধূলিসাৎ।”

রাজনৈতিক মহলের মতে, অমিত শার মুখে বাম শাসনের প্রশংসা আসলে একটি কৌশলগত চাল। তৃণমূল বিরোধী ভোট যাতে ভাগ না হয় এবং বামপন্থী মনোভাবাপন্ন ভোটারদের তৃণমূলের থেকে দূরে সরানো যায়, সেই লক্ষ্যেই তিনি এই তুলনা টেনেছেন।

২০১৪ সালের পর বিভিন্ন রাজ্যে বিজেপির উত্থানের খতিয়ান দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এবার ‘অঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গ’ (ওড়িশা ও পশ্চিমবঙ্গ)-তে একই দলের অর্থাৎ বিজেপির সরকার গঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *