কলকাতা- ভোটার তালিকায় নাম তোলার ‘ফর্ম-৬’ জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার স্ট্র্যান্ড রোডের নতুন নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর।
বিএলও এবং বিজেপি কর্মীদের বিক্ষোভ ও স্লোগানে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়।
দুপুরে এক যুবককে ‘প্লাস্টিকের প্যাকেটে ভর্তি ফর্ম-৬’ নিয়ে সিইও অফিসে ঢুকতে দেখে তৃণমূলপন্থী বিএলও-রা তাঁকে হাতে-নাতে ধরার দাবি তুলে বিক্ষোভ শুরু করেন।
তাঁদের অভিযোগ, ওই যুবক পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এবং বেআইনিভাবে ফর্ম জমা দিতে এসেছিলেন। বিক্ষোভকারীরা রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন।
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান বিজেপি কর্মীরা। চৌরঙ্গীর বিজেপি প্রার্থী সন্তোষ পাঠকের নেতৃত্বে তাঁরা পাল্টা বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, এক বিজেপি কর্মীকে সেখানে মারধর করা হয়েছে।
দু’পক্ষের স্লোগান এবং পুলিশের গার্ডরেল ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দুপুর ৩টে পর্যন্ত সিইও দফতরের সামনে দু’পক্ষই অবস্থানে অনড় থাকে।
উল্লেখ্য, সোমবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে অভিযোগ করেছিলেন, বিজেপি বহিরাগতদের নাম তালিকায় ঢোকানোর চেষ্টা করছে।
