কলকাতা- এসআইআর-এ নাম বাদ যাওয়ার প্রতিবাদে বুধবার মালদার কালিয়াচকে তাণ্ডব। এসআইআর-এর কাজে যুক্ত ৭ বিচারককে কালিয়াচকের বিডিও অফিসে আটকে রাখার ঘটনায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
ইতিমধ্যেই মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ করা হয়েছে।
মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ করা হয়েছে। সেই সঙ্গে মালদার পুলিশ সুপার এবং জেলাশাসককেও কারণ দর্শাতে বলা হয়েছে।
রাজ্যের ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, প্রয়োজনে এই ঘটনার তদন্তভার সিবিআই অথবা এনআইএ-র হাতে তুলে দেওয়া হতে পারে।
ভোটার তালিকায় নাম না ওঠাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তপ্ত ছিল কালিয়াচক। কিন্তু বেলা বাড়তেই সেই জনরোষ গিয়ে পড়ে বিডিও অফিসে এসআইআর-এর কাজে যাওয়া বিচারকদের ওপর।
অভিযোগ, কালিয়াচক-২ বিডিও অফিসে মহিলা বিচারক সহ সাতজন জুডিশিয়াল অফিসারকে দীর্ঘক্ষণ আটকে রেখে তাণ্ডব চালায় উত্তেজিত জনতা। গভীর রাতে বিশাল পুলিশবাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করলেও, সেই ঘটনায় বিচারকদের নিরাপত্তা নিয়ে বড়সড়ো প্রশ্ন উঠে গিয়েছে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হয়। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্য কান্ত গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘হাই কোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে আমরা একটি চিঠি পেয়েছি। গতকাল রাতে আমাদের মধ্যে কয়েকজনকে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে জানানো হয় যে, মালদা জেলার কালিয়াচক এলাকায় তিনজন মহিলা সহ মোট সাতজন বিচারককে দুষ্কৃতীরা ঘেরাও করে রেখেছিল। এই ঘেরাও বিকেল সাড়ে ৩টে থেকে শুরু হয়।’
