কলকাতা- রাজ্যে নির্বাচনী পারদ চড়তেই ফের এনআরসি এবং অস্তিত্ব রক্ষার লড়াইকে হাতিয়ার করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে গিয়ে তিনি স্পষ্ট জানান, এই লড়াই আসলে বাংলার অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই।
মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তাঁর লড়াইয়ের ফলেই বহু মানুষের নাগরিকত্বের অধিকার সুরক্ষিত হয়েছে। তিনি বলেন, “সুপ্রিম কোর্টে গিয়ে আমি ৩২ লক্ষ লোকের নাম তালিকায় তুলেছি। আগামী দিনে বাকিদেরও তুলব।”
ভোট তালিকায় নাম থাকা নিয়ে নিজের আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, “আমার একটাই দুশ্চিন্তা, নাম যদি ভোটের পরে ওঠে তবে মানুষের অস্তিত্ব থাকবে ঠিকই, কিন্তু তাঁরা ভোট দিতে পারবেন না।”
বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না বলেই বিজেপি বাংলা দখলের মরিয়া চেষ্টা করছে বলে তাঁর দাবি।
মাছ-মাংস খাওয়া নিয়ে বিজেপির সাম্প্রতিক অবস্থানেরও কড়া সমালোচনা করেন মমতা। তিনি হুঁশিয়ারি দেন, বিজেপি ক্ষমতায় এলে মানুষের পছন্দের খাদ্যাভ্যাস এবং মাছের ভেড়ি— সব বন্ধ হয়ে যাবে।
