শেষ মুহূর্তে আদালতের রায়, ভোট দেওয়ার সুযোগ পেলেন ১৩৯ জন, তবু ‘ডিলিটেড’ ৮ ভোটার

কলকাতা- ২৩ এপ্রিল বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার কয়েক ঘণ্টা আগে বুধবার রাতে ভোটার তালিকার চূড়ান্ত নিষ্পত্তির হিসাব পেশ করল নির্বাচন কমিশন 

ট্রাইবুনালের রায়ে বিবেচনাধীন তালিকা থেকে ১৩৯ জন ভোটারকে ‘যোগ্য’ বলে ঘোষণা করা হয়েছে। ফলে তাঁরা বৃহস্পতিবারের নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটের জন্য মোট ৬৫৭টি মামলার নিষ্পত্তি করেছে ট্রাইবুনাল। এর মধ্যে ১৩৯ জন ভোটারকে বৈধ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে।

আগে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও ট্রাইবুনালের বিচার প্রক্রিয়ায় আট জনের নাম অযোগ্য বলে বিবেচিত হয়েছে এবং তালিকা থেকে তাঁদের নাম মুছে ফেলা হয়েছে। বাকি মামলাগুলির ক্ষেত্রে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে কমিশন স্পষ্ট কিছু জানায়নি।

উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর প্রায় ৬০ লক্ষ নাম ‘বিবেচনাধীন’ তালিকায় ছিল। কলকাতা হাইকোর্টের নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকরা এই নামের নিষ্পত্তি করেন। সেখানেও অনেক ভোটার বাদ পড়ায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সংক্ষুব্ধ ভোটাররা অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইবুনালে আবেদন করতে পারবেন।

যদিও প্রথম ও দ্বিতীয় দফার ভোটার তালিকা আগেই ‘ফ্রিজ’ হয়ে গিয়েছিল, কিন্তু শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে, ভোটের দু’দিন আগেও ট্রাইবুনাল যাঁদের ছাড়পত্র দেবে, তাঁরা ভোট দিতে পারবেন।

বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল এবং ফলাফল ঘোষণা ৪ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *