কলকাতা- বাংলার রাজনৈতিক মহলে দানা বেঁধেছে এক চাঞ্চল্যকর গুঞ্জন। সম্প্রতি এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় পাঠানোর জন্য নাকি তৃণমূল কংগ্রেস ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাধ্যমে বর্তমান সাংসদ ইউসুফ পাঠানকে ইস্তফা দেওয়ার অনুরোধ জানিয়েছিল।
বহরমপুর আসনটি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নিরাপদ মনে করেই এই পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। তবে এই সমস্ত জল্পনাকে কার্যত নস্যাৎ করে দিয়ে মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এক বিবৃতিতে সৌরভ স্পষ্টভাবে জানান, এই ধরনের প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন। প্রাক্তন বিসিসিআই সভাপতি বলেন, ‘আমার সম্পর্কিত যে অভিযোগগুলি প্রতিবেদনে তোলা হয়েছে, তা সত্যের চরম অবমাননা।’
সৌরভ আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠানকে কোনও বার্তা দেওয়ার জন্য আমাকে অনুরোধ করেননি। আমি নিজে কোনওদিন ইউসুফ পাঠানের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করিনি। সুতরাং, পাঠানের কোনও প্রতিক্রিয়া দেওয়ার প্রশ্নই ওঠে না।’
২০২৪ লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে ইউসুফ পাঠান জয়ী হয়েছিলেন। আর এই আসনে সংখ্যালঘু ভোটারদের আধিক্য থাকায় তৃণমূল সেটিকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নিরাপদ মনে করছে বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে।
