কলকাতা- দিল্লিতে পা রেখেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আধঘণ্টার বৈঠক রাজ্য রাজনীতির অলিন্দে শোরগোল ফেলে দিয়েছে।
সূত্রের খবর, শনিবার বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে আলোচনার পরই সোজা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে পৌঁছান সুদীপ বন্দ্যোপাধ্যায়। ঘাসফুল শিবিরের তথাকথিত ‘বিদ্রোহী’ সাংসদদের সঙ্গে হাত মেলানোর পরই এই সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
শোনা যাচ্ছে, লোকসভার ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জনই এখন তৃণমূলের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে এনডিএ-কে সমর্থন দেওয়ার পথে। সেই বিদ্রোহী শিবিরের সর্বশেষ এবং সবচেয়ে প্রভাবশালী সংযোজন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
এরই মধ্যে দল ছাড়ার কথা ঘোষণা করলেন রাজ্যে প্রাক্তন সেচমন্ত্রী তথা সবংয়ের প্রাক্তন বিধায়ক মানস ভুঁইয়া। তিনি ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন।
শনিবার মমতাকে পাঠানো চিঠিতে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফার কথা স্পষ্ট জানিয়েছেন মানস। দল ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে যা হচ্ছে, তাতে এই দলে আর থাকা যাবে না। আমি আদর্শ নিয়ে রাজনীতি করি। আমার নিজস্ব একটা সম্মান আছে। আমি রাজনীতিতে এসেছিলাম মানুষের সেবা করতে। কিন্তু দলটার ভেতর থেকে এখন যেসব দুর্নীতি ও কেলেঙ্কারি বেরিয়ে আসছে, তাতে আমি আর প্রাথমিক সদস্য পদে থাকতে পারছি না।’
