কলকাতা- রাস্তা পার হতে গিয়ে টোটোর ধাক্কায় মৃত্যু হল এক মহিলা সিভিক ভলান্টিয়ারের। শনিবার দুপুরে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের সামনে দুর্ঘটনাটি ঘটে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে, সিভিক ভলান্টিয়ারের নাম নুপূর চট্টোপাধ্যায় (৫২)। এদিন ডিউটি সেরে ফেরার সময় মন্দিরতলার কাছে দ্রুত গতিতে আসা একটি টোটো তাঁকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তিনি ছিটকে যান রাস্তার ওপর। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় তুমুল উত্তেজনা দেখা দেয় নবান্নের সামনে। বেপরোয়া টোটোর জন্য পুলিশের ওপর ক্ষোভ উগরে দেন সকলে। এরপর পুলিশের তরফে আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
