মদ ভেবে ঢকঢক করে ডেটল পান! চাকদহে এক ব্যক্তির সঙ্গে যা হল, অবাক হবেন এই ঘটনা শুনে

কলকাতা- পারিবারিক অনুষ্ঠান চলছিল। সেই সময় ঘরে থাকা ডেটল মদ ভেবে খেয়ে ফেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার এনায়েতপুর গ্রামে।

নির্মল সরদার নামে ওই গ্রামের এক বাসিন্দা ডেটল পান করার পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।

জানা গিয়েছে, সোমবার পারিবারিক একটি অনুষ্ঠান উপলক্ষে নির্মল সকাল থেকেই অল্প মদ্যপান করছিলেন। কিছুটা নেশাও হয়ে যায় তাঁর। এর পর মদের বোতল হাতের কাছে না পেয়ে ভুল করে ডেটল ভরা শিশি থেকে ঢকঢক করে তার থেকে কিছুটা পান করেন তিনি।

এর পরই অসুস্থ বোধ করতে থাকেন নির্মল। শুরু হয় বমি। বমির গন্ধে বুঝতে পারেন তিনি ডেটল পান করে ফেলেছেন। পরিবারের লোক তাঁকে নিয়ে যান চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে। চিকিৎসা শুরু হয় তাঁর।

চিকিৎসকরা জানিয়েছেন, কিছুটা সুস্থ হলেও তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের মতে, ডেটল শরীরের কাটাছেঁড়ার জন্য বাহ্যিকভাবে ব্যবহারের উপযোগী হলেও, কোনও অবস্থাতেই পান করার উপযোগী নয়। এতে এমনকিছু রাসায়নিক আছে যা শরীরের ভেতর প্রবেশ করলে বড়সড় ক্ষতি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *