কলকাতা- ২০২৬ বিধানসভা ভোটে বিজেপির আসন সংখ্যা ৫০-এর নীচে নেমে যাবে। ভোটের ফলাফল নিয়ে এমনটাই ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘ছাব্বিশের ভোটে বিজেপি নাকি বাংলার ক্ষমতা দখল করবে বলছে। গতবার ওরা ৭৭টা আসন পেয়েছিল। এবার ৫০-এর নীচে নেমে যাবে। আজকের সভা থেকে আমি ভবিষ্যদ্বাণী করে গেলাম।’
ডায়মন্ডহারবার থেকে প্রথমবার সাংসদ পদে জয়ী হওয়ার পর থেকে প্রতি বছর নিজের সাংসদ তহবিলের কাজের খতিয়ান তুলে ধরতে ‘নিঃশব্দ বিপ্লব’ নামে একটি সভার আয়োজন করে থাকেন অভিষেক। এদিন তেমনই একটি কর্মসূচি থেকে একথা বলেন সাংসদ। তিনি আরও বলেন, ‘আমি সচরাচর কোনও বিষয়ে ভবিষ্যদ্বাণী করি না। আর করলে ঈশ্বরের কৃপায় তা অল্প হলেও মিলে যায়।’ তিনি জানান, মানুষের প্রতি, দলের কর্মীদের প্রতি পূর্ণ বিশ্বাস, আস্থা আছে তাঁর। বছরভর যদি মানুষের পাশে কেউ থাকে, তাহলে তাঁরা তৃণমূলের কর্মীরাই।
ভোটে বাংলায় অপারেশন সিঁদুর অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। এদিনের সভা থেকে সেই প্রসঙ্গে জবাব দিতে গিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, ‘অন্যান্য রাজ্যের মতো এখানেও বিধানসভা ভোটের আগে ওরা অপারেশন সিঁদুরের নামে এমএলএ কেনাবেচা করতে চায়। তবে এটা বাংলা। এখানে বিজেপির ওই অপচেষ্টা সফল হবে না।’
