কলকাতা – তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয়েছে ১০ বছরের তামান্না খাতুনের। সন্তানহারা মাকে স্বান্তনা দিয়ে টাকার খাম বের করে দিয়েছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির।
সন্তানের প্রাণের বিনিময়ে টাকা নিতে অস্বীকার করে রীতিমতো ঝাঁজিয়ে উঠলেন মা সাবিনা খাতুন। বিধায়কের কাছে নিজেদের ক্ষোভ দুঃখ উজার করে দিলেও আর্থিক সাহায্য প্রত্যাখ্যান করেন তামান্নার বাবা-মা। পরিবারের প্রতিক্রিয়ায় কিছুটা অস্বস্তিতে পড়ে যান বিধায়ক।
বুধবার দুপুরের পর কালীগঞ্জের মেলান্দি গ্রামে তামান্নাদের বাড়িতে যান প্রাক্তন আইপিএস হুমায়ুন। অনেকক্ষণ কথাও বলেন পরিবারের সকলের সঙ্গে। মেয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা।
হুমায়ুনের সামনেই তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে ধরেন মৃত নাবালিকার মা। তিনি অভিযোগ করেন, ভোটে পরাজিত হওয়ার পর থেকেই পরিকল্পিতভাবে সিপিএম সমর্থক পরিবারগুলির ওপর হামলা হচ্ছে। এই হামলার শিকার হয়েছেন তাদের মেয়ে।
তিনি জানান, পুলিশ সময়মতো বোমা উদ্ধারে পদক্ষেপ করলে তাঁকে সন্তান হারাতে হত না। কথাবার্তা চলার মাঝেই হুমায়ুন কবির পরিবারকে সাহায্য করতে কিছু অর্থ দিতে চান। তিনি খামে বের করতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন মৃত নাবালিকার মা।
