কলকাতা- ‘জীবন্ত লোককে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। ম্যাজিশিয়ান না হলে এরকম করতে পারেন? কালকেই ওই ভূতেদের হাঁটিয়েছিলাম।’
শনিবার দুপুরে আলিপুরদুয়ারের মাঝেরডাবরিতে সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ম্যাজিশিয়ান’ বলে কটাক্ষ করলেন তিনি। বলেন, ‘উনি জ্যান্ত মানুষকে মেরে দিতে পারেন। উনি ভ্যানিশ কুমার। এ বার আপনারা ম্যাজিক করে বিজেপিকে হটিয়ে দিন।’
আলিপুরদুয়ারে তৃণমূলকে পাঁচে পাঁচ করার ডাক দিলেন অভিষেক। বললেন, ‘এবার জয়ে আলিপুরদুয়ারকে অগ্রণী ভূমিকা নিতে হবে। পাঁচে পাঁচ করতে হবে। আলিপুরদুয়ারের প্রতিদানের সময় এবার। ২০২৬ সালের বিধানসভা ভোটে বিজেপিকে আনম্যাপ করে দিন।’
অভিষেকে আরও বলেন, ‘এ রাজ্যে প্রধান বিরোধী দল যারা, তারা চিকেন রোল বিক্রি করলে মারধর করে! চিকেন প্যাটিস বিক্রি করলে মারধর করা হয়। কোথায় মারছে? যেখানে গীতাপাঠ হয়। আমি হিন্দু। এই ধর্ম কাউকে আক্রমণ করতে শেখায় না। মানবতার চেয়ে বড় কোনও ধর্ম কি হতে পারে! আপনারা ভাবুন, এরা সরকারে এলে কী করতে পারে! কে কী খাবেন, পরবেন, যাবেন, সব এরা ঠিক করবে। এটা গণতন্ত্র?’।
