কলকাতা – হাসপাতালে সোনালী খাতুনের সঙ্গে দেখা। তার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নবজাতক ছেলের নাম রাখলেন ‘আপন’।
এর আগে সোনালী খাতুন আবেদন জানিয়েছিলেন, তিনি চান তার সন্তান যেন ভারতের মাটিতে জন্মায় এবং শিশুটির নাম যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন।
রামপুরহাটে একটি জনসভা শেষে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে যান এবং সোনালী খাতুনের সাথে কথা বলেন।
এদিন তিনি বলেন, “সোনালীর চোখের জলের জন্য বিজেপিকে মূল্য চোকাতে হবে।” অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি সোনালী খাতুনের সাথে কথা বলেছি। সে আমাকে সব বলেছে—কীভাবে তাকে দিনের পর দিন, মাসের পর মাস রাস্তায় ও জঙ্গলে কাটাতে হয়েছে। পরে তারা ঢাকায় পৌঁছলে বাংলাদেশের পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং তাদের জেলে থাকতে হয়। শুধু সোনালী খাতুন নয়, তার গর্ভের সন্তানকেও নির্যাতনের শিকার হতে হয়েছে। সোনালী খাতুনের চোখের জলের জন্য বিজেপিকে মূল্য চোকাতে হবে। তাদের একমাত্র অপরাধ হলো তারা বাংলা ভাষায় কথা বলে।”
