কলকাতা- রাত পোহালেই কলম্বোয় টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ ঘিরে উত্তেজনায় টগবগিয়ে ফুটছে ক্রিকেট বিশ্ব।
এর আগে এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতে দেখা যায়নি ভারতীয় ক্রিকেট টিমকে। ধারা বজায় রেখেছিল অনূর্ধ্ব ১৯ ভারতীয় টিমও।
২০২৬ টি ২০ বিশ্বকাপেও কি দুই দলের মধ্য়ে করমর্দন না করার ধারা বজায় থাকবে? তা নিয়ে মুখ খুললেন সূর্যকুমার যাদব।
গত কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে বড়সড় শঙ্কার খবর ছিল অভিষেক শর্মার শারীরিক অবস্থা। ভারতীয় এই ওপেনার দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামেননি অসুস্থ থাকায়। জানা গিয়েছে, তিনি মুম্বইতে খাবার থেকে সংক্রমণের শিকার হন। তার জেরে পেটের সমস্যায় ভুগছিলেন। পরে তাঁকে দিল্লিতে হাসপাতালে ভর্তি করা হয়। করা হয় টেস্ট।
সূর্য বলেন, অভিষেক ওই ম্যাচে নেই, পরেরটিতেও খেলতে পারবেন কি না তা নিয়ে তিনি নিশ্চিত নন। ফলত, জল্পনা তুঙ্গে ওঠে। তবে সকলকে নিশ্চিন্ত করে আজ ভারতের টি২০ ক্যাপ্টেন সূর্য জানিয়ে দিয়েছেন ২২ গজে পাকিস্তানের বিরুদ্ধে নামছেন অভিষেক শর্মা।
অভিষেকের বিশ্বকাপের শুরুটা খুব একটা ভালো হয়নি। ইউএসএর বিরুদ্ধে প্রথম ম্যাচেই তিনি শূন্য রানে আউট হন। পরের ম্যাচ শারীরিক কারণে খেলতে পারেননি। তৃতীয় ম্যাচে অভিষেক নামছেন পাকিস্তানের বিরুদ্ধে।
এর আগে, অভিষেকের খেলা সম্পর্কে পাকিস্তানের অধিনায়ক আঘা বলেছিলেন,’আমি সত্যিই আশা করি সে (অভিষেক) আগামিকাল খেলবে। সে একজন ভালো খেলোয়াড়, এবং আমরা তাদের সেরা দলের বিরুদ্ধে খেলতে চাই। সত্যিই আশা করি সে সুস্থ হয়ে উঠছে এবং খেলতে পারবে।’
এশিয়া কাপে হ্যান্ডশেক (করমর্দন) বিতর্কের পর ফের ভারত ও পাকিস্তান মুখোমুখি। এই ম্যাচে কি ভারত সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের একে অপরের সঙ্গে হাত মেলাতে দেখা যাবে? প্রশ্ন শুনেই সূর্য বলেন,’ আমরা হ্যান্ডশেকের ব্যাপারটা টস-এই দেখতে পাব। ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।’
