কলকাতা- ভয়াবহ দুর্ঘটনা হাওড়ায়। স্কুল থেকে বাড়ি ফেরার পথেই পুকুরে উল্টে পড়ল পড়ুয়াদের পুলকার। পুলকারে একাধিক স্কুল পড়ুয়া ছিল। এখনও পর্যন্ত তিন স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও দুই স্কুল পড়ুয়া।
দুর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর পৌনে তিনটে নাগাদ, উলুবেড়িয়ায়। নিহত ও আহতরা এক বেসরকারি স্কুলের পড়ুয়া ছিল। স্কুল থেকে পুলকারে করে বাড়ি ফিরছিল তারা। তাদের বয়স সাত থেকে ১১ বছরের মধ্যে। স্থানীয়রা জানিয়েছেন, পড়ুয়াদের পুলকারটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। অন্যান্য গাড়ির সঙ্গে রেষারেষির জেরে পুকুরে উল্টে পড়ে।
তড়িঘড়ি করে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে। পাঁচ পড়ুয়াকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ একটি বেসরকারি কিন্ডারগার্ডেন স্কুল থেকে পাঁচজন পড়ুয়াকে নিয়ে বাড়ি ফেরার পথে পুলকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে যায়। এই ঘটনায় শৌভিক দাস (১১), ইশিকা মণ্ডল (৭) এবং আরীন দাস (৯) নামে তিনজনের মৃত্যু হয়েছে। আহত আরও দুই পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরই গাড়িচালক লাফিয়ে পালিয়ে যায় বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগদীশপুরের একটি বেসরকারি স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে পুলকারটি বহিরা দাসপাড়ার দিকে যাচ্ছিল। বহিরা শ্মশানতলার কাছে গাড়িটি তীব্র গতিতে চলছিল।
স্থানীয়দের অভিযোগ, নিয়ন্ত্রণ হারানোর পর চালক গাড়ি থেকে লাফিয়ে উঠে ঘটনাস্থল থেকে চম্পট দেন। চালকের এই দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র নিন্দা করেছেন স্থানীয়রা। উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
