কলকাতা- শোকের ছায়া টলিপাড়ায়। প্রয়াত অভিনেতা কল্যান চট্টোপাধ্যায়। রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৮১ বছর বয়সে পথ চলা শেষ করলেন অভিনেতা। জানা গিয়েছে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু।
ম্যালেরিয়া থেকে টাইফয়েড-সহ নানা সমস্যায় তিনি অসুস্থ ছিলেন। দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল তাঁকে। অসুস্থতার কারণে অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেতা।
আর্টিস্টস্ ফোরামের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তাই ফোরামের পক্ষ থেকে তাঁর এই প্রয়ান প্রসঙ্গে বলা হয়, ‘বিশিষ্ট অভিনেতা ও ফোরামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, কল্যাণ চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে আমাদের ছেড়ে চলে গেলেন। ফোরাম এই অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ এবং আমরা তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি।’
বড়পর্দা থেকে ছোটপর্দা, সিরিজ সর্বত্রই সমান দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সুজয় ঘোষের হিন্দি ছবি ‘কাহানি’তে তাঁকে দেখা গিয়েছিল। অভিনয় করছিলেন সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’-তেও। তাছাড়াও ‘ধন্যি মেয়ে’, ‘সাগিনা মাহাতো’-সহ প্রায় ৪০০টিরও বেশি ছবিতে অভিনয় করেন।
তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, সন্তু মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, উত্তম কুমারের সঙ্গে নানা ছবি অভিনয় করেছেন।
