কলকাতা- গত কয়েকদিন ধরে বিভিন্ন কারণে তিনি খবরের শিরোনামে। একসময়ের অভিনেত্রী এখন সোশ্যাল মিডিয়ায় ভ্লগার। অভিনেত্রী মধুবনী গোস্বামী আবার ফিরছেন অভিনয়ে। ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকের মাধ্যমে ইন্ডাস্ট্রির সঙ্গে প্রথম পরিচয় তাঁর। এর পর আরও বেশ কিছু সিরিয়ালের মাধ্যমে মন জয় করেন দর্শকের। দীর্ঘ বিরতির পরে এ বার ফের ছোট পর্দায় মধুবনী।
ছেলে কেশবকে সময় দেওয়ার জন্যই দীর্ঘদিন টেলিভিশন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন মধুবনী। প্রায় বছর দুয়েক পরে আইনজীবীর ভূমিকায় ‘চিরসখা’ ধারাবাহিকে দেখা গেল তাঁকে। এ বার থেকে কি প্রতিদিনই টেলিভিশনে দেখা যাবে তাঁকে। একগাল হেসে মধুবনী বললেন, ‘সত্যি বলতে পুরোনো জায়গায় ফিরতে কে না চায়! তবে লীনাদি সবটাই জানেন। এই মুহূর্তে এতটা সময় তো আমি দিতে পারব না। তাই ক্যামিও চরিত্রেই দেখবেন দর্শক।’
২০২৩ সালে ‘শ্যামা’ ধারাবাহিকে অভিনয়ের পরে ২০২৪ সালে তেমন কোনও কাজ করেননি মধুবনী। এর পর ২০২৫ সালে আবারও ‘চিরসখা’র মাধ্যমে ধারাবাহিকে ফিরলেন তিনি। তবে একটানা তাঁকে দেখা যাবে না বলেই খবর।
