আধার নাগরিকত্বের প্রমাণ নয়, কমিশনের পর সুপ্রিম কোর্টও জানিয়ে দিল একই কথা!

কলকাতা- আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল সে কথা। কমিশনের সঙ্গে এবার সহমত পোষণ করল সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, নাগরিকত্বের প্রমাণ বহন করে না আধার কার্ড। বিহারে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন (এসআইআর) (SIR)-কে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, আধার নথিকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে নেওয়া যায় না।

কমিশন আগেই জানিয়েছিল, আধার কখনও স্থায়ী বাসিন্দার উপযুক্ত প্রমাণ হতে পারে না। এদিন বেঞ্চও কমিশনকে সমর্থন করে। আবেদনকারীদের পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন, আধার, র‍্যাশন এবং সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোটাধিকারিকরা সেগুলি প্রমাণ বলে গ্রহণ করতে চাইছেন না।

এর জবাবে বিচারপতি কান্ত বলেন, এই নথিগুলি প্রমাণ করে না যে আপনি ওই এলাকায় বাস করেন। কমিশনের তরফে আদালতে হাজির প্রবীণ আইনজীবী রাকেশ দ্বিবেদীর কথায়, এ ধরনের কাজে কিছু ভুলভ্রান্তি থেকে যায়। তবে ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে তা শুধরে নেওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *