সন্ত্রাসবাদীর বন্দুক ছিনিয়ে তিনিই এখন ‘হিরো!’ বিশ্বজুড়ে সিরিয়ার আহমেদ আল আহমেদের জয়জয়কার

কলকাতা- ইহুদিদের হানুকা উৎসব শুরু হচ্ছে, সেই উপলক্ষেই অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান, খাওয়া-দাওয়ার। আনন্দে মেতে যখন সবাই, সেই সময় হঠাৎ বন্দুকবাজের হামলা।

এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল ১৬ জনের। এত কিছুর মাঝে একজন এখন সকলের হিরো। খালি হাতেই একা কুপোকাত করেছেন বন্দুকবাজকে।

একজন নিরস্ত্র ব্যক্তির সাহসী পদক্ষেপে প্রাণে বেঁচেছেন বহু মানুষ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

রবিবার দুপুরে বন্ডি বিচে আচমকাই হামলা চলে। হঠাৎ দুই বন্দুকবাজ এসে উপস্থিত ইহুদিদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। শিশু-বয়স্ক কাউকে বাদ দেয়নি। চোখের সামনে একের পর এক মানুষকে লুটিয়ে পড়তে দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি আহমেদ আল আহমেদ (৪৩)।

হানুকা উৎসবে ফল বিক্রি করতে এসেছিলেন আহমেদ। ভিডিওতে দেখা গেছে, গাড়ির আড়াল থেকে দৌড়ে এসে আহমেদ এক বন্দুকবাজকে পেছন থেকে জাপটে ধরেন, তার হাত থেকে রাইফেল কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেন এবং পরে অস্ত্রটি তাক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মাত্র ১৫ সেকেন্ডের এই ঘটনাকে অনেকেই সম্ভাব্য গণহত্যা ঠেকানোর মুহূর্ত হিসেবে দেখছেন। বিশ্বজুড়ে আল আহমেদের জয়জয়কার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও তাঁকে ‘হিরো’ বলেছেন। হামলার সময় আহমেদ নিজেও গুলিবিদ্ধ হন। তাঁর দুটি গুলি লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ওই রাতেই তার অস্ত্রোপচারের কথা ছিল।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিডনির সাদারল্যান্ড শায়ারের বাসিন্দা আহমেদ দুই সন্তানের বাবা এবং ফলের ব্যবসা করেন। প্রকৃত পক্ষে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বাসিন্দা আহমেদ এক দশকেরও আগে অস্ট্রেলিয়ায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। নিখাদ সাধারণ এক নাগরিক হিসেবে হয়তো আতঙ্কে সেই সময় তাঁরও অকুস্থল ছেড়ে পালানোর কথা। তবে তা না করে প্রবল সাহসিকতার নজির গড়লেন। উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে মাথা ঠান্ডা রেখে আততায়ীকে জাপটে ধরলেন পিছন থেকে। যতক্ষণ না সেই হামলাকারীর হাত থেকে বন্দুক ছিনিয়ে নেন, ততক্ষণ চলতে থাকে লড়াই। এর জেরে দু’টি গুলিও লাগে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *