কলকাতা- ছোটদের ক্রিকেটে শেষ ম্যাচ খেলে ফেললেন বৈভব সূর্যবংশী!
গোটা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৮০ বলে ১৭৫ রানের দানবীয় ইনিংস খেলেন.
বিহারের ১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশীর কি এবার সিনিয়র ক্রিকেটে খেলার পালা! মনে করা হচ্ছে, সম্ভবত এটিই বৈভবের ক্যারিয়ারের শেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচ।
সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে ৩৩ বলে ৬৮ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিল বৈভব। আর ফাইনালে তিনি ধরা দিলেন স্বমূর্তিতে। ২১৮.৭৫ স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি ওয়ানডে ক্রিকেটকে টি-টোয়েন্টি বানিয়ে ছাড়লেন।
১৫টি চার এবং ১৫টি ছক্কায় সাজানো এই ইনিংসটি ইংল্যান্ডের বোলারদের কার্যত দিশেহারা করে দেয়। ১৪ বছর বয়সেই এমন পরিণত ও আক্রমণাত্মক ক্রিকেট দেখে মুগ্ধ বিশেষজ্ঞরা।
বৈভবের বয়স এখন মাত্র ১৪ বছর। হিসেব অনুযায়ী, সে আরও দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি বিশেষ নীতি।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) ডিরেক্টর থাকাকালীন রাহুল দ্রাবিড় এই নিয়ম চালু করেছিলেন, একজন ক্রিকেটার একবারই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে পারবেন। যাতে দেশের আরও বেশি সংখ্যক প্রতিভাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে আনা যায়।
যা নজির গড়েছেন বৈভব-
- অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান।
- এক ইনিংসে সর্বাধিক (১৫টি) ছক্কার রেকর্ড।
- অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রান (১৭৫)।
