‘ক্ষুদিরাম চাকী, ‘আমি ঝুলি না, ঝোলাই!’ শাশ্বতর সংলাপ নিয়ে প্রবল বিতর্ক, রাজ চক্রবর্তী বিতর্কের কেন্দ্রে

কলকাতা- মুক্তির আগেই বিতর্কের মুখে রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘হোক কলরব’। ছবির টিজারে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখে একটি বিশেষ সংলাপ ঘিরেই উত্তাল সোশ্যাল মিডিয়া। বিপ্লবী ক্ষুদিরাম বসুর মতো, মণীষীদের নাম নিয়ে তৈরি চটুল সংলাপ বাঙালির ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ তুলেছেন নেটিজেনদের একাংশ।

ছবির টিজারে শাশ্বত চট্টোপাধ্যায়কে একজন আইপিএস অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘ক্ষুদিরাম চাকী’। একটি দৃশ্যে তাঁকে বলতে শোনা যায়, “নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না, ঝোলাই!”

বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকীর আত্মবলিদানকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে বলেই মনে করছেন অনেকে। আর এই নিয়েই ক্ষোভ জমেছে নেটিজেনদের একাংশের। দেশের জন্য যাঁরা হাসিমুখে ফাঁসির দড়ি গলায় পরেছিলেন, তাঁদের নিয়ে এমন ‘রগরগে’ সংলাপ বাংলা সিনেমায় কেন? সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে।

পরিচালক রাজ চক্রবর্তীর ‘প্রলয়’ বা ‘আবার প্রলয়’ সিরিজে শাশ্বতকে দাপুটে পুলিশ অফিসার হিসেবে দেখা গিয়েছিল। সেখানেও তাঁর সংলাপ ছিল যথেষ্ট কড়া। তবে এবার মণীষীদের নামের সঙ্গে এমন সংলাপ যুক্ত হওয়ায় তা মাত্রা ছাড়িয়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের। উল্লেখ্য, কিছুদিন আগেই পাইরেসির কারণে সাইবার ক্রাইম দপ্তরের দ্বারস্থ হতে হয়েছিল রাজকে। সেই রেশ কাটতে না কাটতেই এবার সংলাপ-বিতর্কের মুখে পড়লেন পরিচালক।

নতুন বছরে ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসার কথা ‘হোক কলরব’-এর। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে শাশ্বত ছাড়াও অভিনয় করেছেন রোহন ভট্টাচার্য, জন ভট্টাচার্য এবং ওম সাহানি। ছবির প্রযোজক শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *