কলকাতা- বারামতীর রানওয়েতে নামার ঠিক কয়েক মুহূর্ত আগে ভয়াবহ বিমান দুর্ঘটনা কেড়ে নিয়েছে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের প্রাণ।
বুধবার সকালে বেসরকারি লিয়ারজেট-৪৫ বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়। পাওয়ারের পাশাপাশি বিমানে থাকা আরও চারজনের মৃত্যু হয়েছে।
আর এই দুর্ঘটনার পর থেকেই রাজনীতির অলিন্দে ষড়যন্ত্রের তত্ত্ব জোরদার হয়ে উঠছিল। বিজেপি বিরোধী শিবির থেকে ভাসিয়ে দেওয়া হচ্ছিল, কাকা শরদের এনসিপির সঙ্গে মিশে যেতে চাওয়াতেই অজিত পাওয়ারের মৃত্যুর জল্পনা।
সেই জল্পনা উসকে দিয়েছিলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সবাই অপেক্ষায় ছিলেন অজিত পাওয়ারের কাকা শরদ পাওয়ার কী বলেন!
প্রাথমিক ধাক্কা কাটিয়ে শরদ জানিয়ে দিয়েছেন, এটা নিছকই দুর্ঘটনা। এর পেছনে কোনও ষড়যন্ত্র নেই।
বুধবার সকাল ৮টা ১০ মিনিটে মুম্বই থেকে বারামতীর উদ্দেশ্যে রওনা দেয় অজিত পাওারের বিমানটি। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৭০ মিনিট দেরিতে যাত্রা শুরু হয়েছিল। বারামতী এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) সূত্রে খবর, দৃশ্যমানতা কম থাকায় পাইলটকে একবার ‘গো-অ্যারাউন্ড’ করার নির্দেশ দেওয়া হয়। এরপর অবতরণের ছাড়পত্র মিললেও পাইলটের তরফ থেকে কোনো প্রত্যুত্তর মেলেনি। কয়েক সেকেন্ডের মধ্যেই রানওয়ের এক প্রান্তে বিমানটি ভেঙে পড়ে।
