কলকাতা- আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের একবার সংহতির ছবি ধরা পড়ল নবান্নে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠকের পর সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দাবি করলেন, দেশজুড়ে বিজেপিকে রুখতে পারেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রীই।
এদিন মমতার পাশে দাঁড়িয়ে অখিলেশ আত্মবিশ্বাসের সঙ্গে জানান, ‘এবারও বাংলায় ইডি-সিবিআই হারবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।’
যৌথ সাংবাদিক সম্মেলনে অখিলেশ যাদব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিসক্রিয়তা নিয়ে সরব হন। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা এবং সাম্প্রতিক ‘পেনড্রাইভ’ বিতর্ক টেনে তিনি কটাক্ষ করেন, “বিজেপি এখনও পেনড্রাইভের স্মৃতি ভুলতে পারেনি। দিদির কাছে ইডি আগেই হেরেছে, এবার ব্যালট বক্সে বিজেপি হারবে।”
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়েও সুর চড়ান উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বাংলায় হার নিশ্চিত জেনেই বিজেপি নির্বাচন কমিশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের প্রশংসা করে অখিলেশ বলেন, “গোটা দেশে বিজেপির মোকাবিলা করার ক্ষমতা একমাত্র দিদিরই আছে। বাংলার মানুষ তাঁর সঙ্গেই আছেন।”
