কলকাতা- অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল-এর মতো বাঘা বাঘা অভিনেতা। ‘ধুরন্ধর’-এর মুক্তির আগেই আগ্রহের পারদ সর্বোচ্চ সীমায় পৌঁছেছিল।তবে এই ছবিতে তর্কাতীতভাবে দর্শকের সবথেকে বেশি নজর করেছেন অক্ষয় খান্না।
‘ধুরন্ধর’-এ তাঁর অভিনীত দুঃসাহসী, নির্মম, ভারত দ্বেষী এই ‘রেহমান ডাকেইত’-কে দেখে দর্শক যতটা শিউরে উঠবেন, ততটা তাঁর ব্যক্তিত্ব দেখে মুগ্ধ না হয়ে পারবেন না। ছবিতে অক্ষয়ের প্রধান অস্ত্র তাঁর চোখ। তাতে সীমাহীন বেপোরয়ার সঙ্গে মিশে রয়েছে নিষ্ঠুরতা, ধূর্ততা। আবার ফুটে ওঠে ভালবাসাও!
পর্দায় অক্ষয় যতবার এসেছেন, ততবার শুধু তাঁর দিকেই চোখ গিয়েছে দর্শকের। সেই সময়ে যতই পর্দার বাকি অর্ধেক অংশ জুড়ে থাকুক রণবীর, সঞ্জয় দত্ত কিংবা অর্জুন রামপাল!
অক্ষয় খান্না কিন্তু এত সাফল্যের পরও নির্বিকার, আলোড়নহীন, অনাড়ম্বরহীনভাবে নিজস্ব ছন্দে সময় কাটাচ্ছেন। সম্প্রতি তাঁর বাড়িতে বাস্তু পুজো করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই, দর্শকের মধ্যে নতুন করে কৌতূহল জেগেছে, এই বিপুল সাফল্যের মাঝেও অক্ষয় এইমুহূর্তে ঠিক কী করছেন?
অক্ষয় খান্না যেখানে নিজেই কোনও সোশ্যাল মিডিয়ায় নেই, তিনি কি আদৌ জানেন যে তিনি এখন ইন্টারনেট সেনসেশন?
এই প্রশ্নেরই উত্তর দিলেন ‘ধুরন্ধর’-এর কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি অক্ষয় খান্নার অভিনয় প্রক্রিয়া ও ভাইরাল হওয়া সেই দৃশ্য নিয়ে খোলামেলা কথা বলেন।
তিনি বলেছেন, “ওর (অক্ষয় খান্না) উপর এসবের কোনও প্রভাব পড়ে না। ও সব শুনেটুনে শুধু বলল, ‘হ্যাঁ, মজা লাগছে।’ ব্যস…”
