কলকাতা- ৪ আল কায়েদা জঙ্গিকে গ্রেপ্তার করল গুজরাট অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড। এদের বিরুদ্ধে জাল নোটের চক্র পরিচালনা করা ও জেহাদি সন্ত্রাসবাদী গোষ্ঠীর মতাদর্শ ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
ধৃতদের নাম- মহম্মদ ফয়ক, মহম্মদ ফারদিন, সেফুল্লা কুরেশি এবং জিশান আলি। এরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও সন্দেহজনক অ্যাপ ব্যবহার করে কাজকর্ম চালাত বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।
তদন্তসংস্থা সূত্রে জানা গেছে, নিজেদের মধ্যে যোগাযোগের কোনও প্রমাণ যাতে না থাকে তার জন্য অটো ডিলিট অ্যাপ ব্যবহার করত ধৃত জঙ্গিরা। গুজরাট এটিএস কর্মকর্তারা জানিয়েছেন যে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আল কায়েদার সংস্পর্শে এসেছিল। ধৃত জঙ্গিদের মধ্যে হওয়া চ্যাট এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডল বিশ্লেষণ করে দেখছে গুজরাট এটিএস।
ধৃতদের মধ্যে ২ জনকে গুজরাট থেকে ও বাকিদের দিল্লি ও নয়ডা থেকে বুধবার গ্রেপ্তার করা হয়। সকলেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। ধৃতরা দেশের গুরুত্বপূর্ণ স্থানে বড় ধরনের নাশকতামূলক ঘটনা ঘটানোর পরিকল্পায় ছিল বলে মনে করছেন তদন্তকারীরা। এছাড়াও অভিযুক্তদের আন্তর্জাতিক যোগাযোগও ছিল বলে জানতে পেরেছেন তারা।
