কলকাতা- দেড় বছর ধরে চলছিল নতুন বাড়ি তৈরির কাজ। গত অক্টোবর মাসেই মুম্বইয়ের বুকে তৈরি হওয়া রণবীর আলিয়ার নতুন সুখনীড়ের গৃহপ্রবেশ হয়েছিল। বান্দ্রায় উত্তরাধিকার সূত্রে পাওয়া পৈতৃক ভিটেয় ধীরে ধীরে গড়ে উঠেছিল বিশাল একটি বাংলো।
অমিতাভ বচ্চন বা শাহরুখ খানকে টেক্কা দিয়ে বানানো হয়েছিল এই বাড়িটি, যার আনুমানিক মূল্য প্রায় ২৫০ কোটির বেশি।
আলিয়া যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, নতুন বাড়িতে গৃহপ্রবেশের পুজো চলছে। পুজোয় বসেছেন আলিয়া-রণবীর এবং ছোট্ট রাহা। পরিবারের সকলের সঙ্গে একটি ছোট্ট পার্টি করতেও দেখা যায় আলিয়াকে। একটি পিংক রঙের গাউন পরে বান্ধবীদের সঙ্গে ছবি তোলেন তিনি।
তবে এই ছবিগুলির মধ্যে যেটি সব থেকে বেশি আবেগপ্রবণ সেটি হল ঋষি কাপুরের ছবির সামনে দাঁড়িয়ে বৌমাকে জড়িয়ে ধরা নিতু কাপুরের ছবি। এ যেন দুই প্রজন্মের মধ্যে এমন একটি সেতুবন্ধন যা কখনো ভেঙে যাওয়ার নয়। এছাড়া আলিয়া আরও বেশ কিছু ছবি পোস্ট করেছেন যেখানে দেখা গিয়েছে নতুন বাড়ি সাজানোর বেশ কিছু সরঞ্জাম, যা প্রায় প্রত্যেক গৃহস্থালির চেনা পরিচিত ছবি।
