কলকাতা- বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন, যে কোনও পরিস্থিতেই যেন কেউ আতঙ্কিত না হন। রাজ্যে কন্ট্রোলরুম খোলা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন, যে কোনও পরিস্থিতিতে রাজ্য সরকার কেন্দ্রের পাশে থাকবে। যুদ্ধের পরিস্থিতিতে রাজ্য সবরকম সহযোগিতা করবে। উত্তরবঙ্গেও একটি কন্ট্রোলরুম খোলা রয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে নবান্ন ঘোষণা করল, সরকারি কর্মীদের সব ছুটি বাতিল। শুধু তাই নয়, কোনও সরকারি কর্মী নিজের এলাকা ছাড়তে পারবেন না। যার পোস্টিং যেখানে রয়েছে তিনি আপাতত সেখানেই থাকবেন বলে ঘোষণা করেছে নবান্ন।
কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গিহামলার জবাবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। অপারেশন সিঁদুর চালানোর পর থেকেই পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে সীমান্তে গুলির লড়াই বেড়েছে। দেশজুড়ে জারি উত্তেজনার পরিস্থিতি।
