আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ও সিভিক ভলান্টিয়ারের চাকরি, বড়সড় ঘোষণা মমতার

কলকাতা- আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ড। স্বজনহারা পরিবারগুলির জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার সিঙ্গুরের প্রশাসনিক সভা থেকে তিনি ঘোষণা করেন, মৃতদের পরিবার পিছু রাজ্য সরকার ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের একজন সদস্যকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই তিনি ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসকে ঘটনাস্থলে পাঠান। রাজ্য সরকারের সাহায্যের পাশাপাশি সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা দুটিও (মোমো ও ডেকরেটর কোম্পানি) ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে।

মুখ্যমন্ত্রী এদিন কড়া ভাষায় বলেন, “মৃতদের পরিবারকে সিভিকের চাকরি দিতে হবে। আমরা কিন্তু অমানবিক নই।”

ভস্মীভূত গোডাউন থেকে এখনও পর্যন্ত ১৬টি ঝলসে যাওয়া দেহাংশ এবং ৩টি কঙ্কাল উদ্ধার হয়েছে। পুলিশের খাতায় ২৩ জন এখনও নিখোঁজ।

দেহ শনাক্তকরণে এখন ডিএনএ পরীক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। ইতিমধেই গ্রেপ্তার করা হয়েছে গোডাউন মালিক গঙ্গাধর দাসকে। অভিযোগ উঠেছে, জলাশয় বুজিয়ে তৈরি করা ওই গোডাউনে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *