কলকাতা- আইপিএল-এ মুস্তাফিজুর ছাঁটাই। এর পর থেকেই ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ।
পড়শি দেশের ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে নিরাপত্তার কারণে তারা ভারতের মাটিতে ২০২৬ টি২০ বিশ্বকাপ খেলবে না। বিশ্বকাপের সহযোগী আয়োজক দেশ শ্রীলঙ্কার মাটিতে তারা খেলতে ইচ্ছুক।
সেই ইস্যুতে আইসিসি কোন পথে হাঁটে সেদিকে নজর সকলের। তারই মাঝে বিসিবি জানিয়েছে, তারা আইসিসির তরফে প্রত্যুত্তর পেয়েছে।
বিসিবির কর্তারা বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের সামনে তাঁদের অবস্থান স্পষ্ট করেন।
ইউনুুস সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেন ‘ আমাদের জাতির অবমাননার বিনিময়ে, আমাদের ক্রিকেটার, দর্শক, সাংবাদিক…তাঁদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাইনা।’
তিনি আরও বলেন,’আমরা আইসিসির থেকে যে চিঠিটা পেয়েছি, সেটি পড়ে আমাদের মনে হয়েছে, ভারতে যে প্রচণ্ড নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, তা তারা বুঝতে পারছে না। আমার মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু নয়, জাতীয় অবমাননা ইস্যু। যাইহোক আমরা নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য করে দেখছি। যেখানে ভারতের ক্রিকেট বোর্ড নিজেরাই বলছে, কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। তো আমরা ভারতের যে বিগার পিকচার আছে, সাম্প্রদায়িক পরিস্থিতি, সেটা নিয়ে আর কিছু বলতে চাইছি না। বাংলাদেশের ক্রিকেটার, দেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আপোষ করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই। আমরা আশা করি আমরা এগুলি আইসিসিকে বোঝাতে সক্ষম হব। আর আইসিসি আশা করি আমাদের যুক্তিগুলি সহৃদয়তা ও নিরপেক্ষতার সঙ্গে বিবেচনা করে, খেলার সুযোগ করে দেবে।’
