কলকাতা- কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে দিলেন তিনি। শ্রোতাদের হৃদয় জয় করা গায়ক অরিজিৎ সিং আর প্লেব্যাক না করার কথা ঘোষণা করলেন।
সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই বড় ঘোষণাটি করেছেন তিনি নিজেই। তাঁর এই পোস্টের পর থেকেই রীতিমতো ভারাক্রান্ত অনুরাগী মহল।
অরিজিতের গান পছন্দ করেন না, এমন কাউকে পাওয়া দুষ্কর। তাঁর গান অনায়াসে এক অন্য জগতে পৌঁছে দিতে পারে শ্রোতাদের। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি ভক্তের হৃদয় ভেঙে আর প্লেব্যাক না করার কথা ঘোষণা করেন অরিজিৎ।
ওই পোস্টে অরিজিৎ লেখেন, “নতুন বছরের শুভেচ্ছা সকলকে। শ্রোতা হিসাবে এত বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, এখন থেকে প্লেব্যাক গায়ক হিসেবে আমি আর নতুন কোনো কাজ হাতে নেব না। আমি এখানেই ইতি টানছি। সফরটা সত্যিই দুর্দান্ত ছিল।”
অরিজিতের এই ঘোষণায় হতবাক তাঁর অনুরাগীরা। তবে ঠিক কী কারণে এই ঘোষণা করলেন গায়ক, তা এখনও স্পষ্ট নয়।
গত এক দশকে রোমান্টিক হোক বা মন ভাঙার গান, অরিজিৎ-এর কণ্ঠ ছাড়া বলিউড যেন ভাবাই যেত না। তাঁর গায়কি কেবল ভারতেই নয়, গোটা বিশ্বে জনপ্রিয়।
