কলকাতা- ২০২৫ সালের শেষদিকে পরিচালক হিসেবে নিজের প্রথম ছবির শুটিং শুরু করবেন অরিজিৎ। সূত্রের খবর, তিনি ইতিমধ্যেই এই ছবি পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন প্রযোজক মহাবীর জৈন-এর সঙ্গে। এক ব্যতিক্রমী জঙ্গল অভিযানের গল্প লিখছেন অরিজিৎ নিজেই! অরিজিৎ বেশ কিছুদিন ধরেই পরিচালনায় আসার কথা ভাবছিলেন, কিন্তু এবার বিষয়টা বাস্তবের পথে।
অরিজিৎ অনেকদিন ধরেই নিজে ছবি বানানোর স্বপ্ন দেখছিলেন। স্ত্রী কোয়েল সিং-এর সঙ্গে মিলে তিনি নিজেই লিখেছেন এই জঙ্গল অ্যাডভেঞ্চারধর্মী স্ক্রিপ্ট। গল্পে থাকবে অ্যাকশন, রোমাঞ্চ আর একান্ত মানবিক টানাপোড়েন। অরিজিৎ এখন প্রি-প্রোডাকশনের নানা দিক সামলাচ্ছেন, আগামী এক মাসের মধ্যেই ছবিটি কাস্টিং স্টেজে ঢুকবে। নির্মাতারা জাতীয় স্তরের বড় তারকাদের কাস্ট করতে চাইছেন। ছবিটি তৈরি হচ্ছে প্যান-ইন্ডিয়ান দর্শকের কথা মাথায় রেখে। তারই জন্য কাস্টিংয়েও জাতীয় পরিচিতি সম্পন্ন অভিনেতাদের জায়গা দেওয়া হবে।
