‘ভাতা নয়, বেতন চাই’, রাজ্য বাজেটের পরই আবার আশাকর্মীদের বিক্ষোভ, উত্তাল স্বাস্থ্যভবন চত্বর

কলকাতা- বৃহস্পতিবার পেশ হয়েছে রাজ্য বাজেট। বাজেটের পর তাঁদের ভাতা ১০০০ টাকা বাড়লেও খুশি নন আশাকর্মীরা। শুক্রবার স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ থেকে তাঁদের দাবি, ‘ভাতা নয়, বেতন চাই।’

১১ দাবিতে এদিন সকাল থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেন আশাকর্মীরা। বিশাল মিছিল করে তাঁরা পৌঁছে যান স্বাস্থ্যভবনের সামনে। সেখানে পুলিশি বাধার মুখে পড়ে বাইরেই শুরু করেন বিক্ষোভ।

তাঁদের সাফ দাবি, ‘ভাতা নয়, বেতন চাই। প্রতিনিধিদলকে স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করতে দিতেই হবে।’

সম্প্রতি আট দফা দাবিতে আন্দোলনে নেমেছিলেন আশাকর্মীরা। তার প্রেক্ষিতেই অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার তাঁদের জন্য কিছু সুবিধার কথা ঘোষণা করে। যেখানে বলা হয়েছে মাসিক ভাতা ১০০০ টাকা বৃদ্ধি। ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা এককালীন সাহায্য।

এই ঘোষণাকে স্রেফ চোখে ধুলো দেওয়া বলে মনে করছেন আন্দোলনকারীরা। তাঁদের সাফ কথা, ‘আমরা ১০০০ টাকার জন্য আন্দোলন করিনি। ওই হাজার টাকা আমরা ফেরত দিচ্ছি। লোকে বাড়িতে বসে ৫০০ টাকা বাড়তি পাবে, আর আমরা হাড়ভাঙা খাটুনি খেটেও ন্যায্য বেতন পাব না?’

দাবি পূরণ না হলে বড়সড় অসহযোগিতার পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন আশাকর্মীরা। তাঁরা স্পষ্ট জানিয়েছেন, ৩১ মার্চের মধ্যে সারা বছরের কাজের যে খতিয়ান বা রিপোর্ট জমা দিতে হয়, দাবি পূরণ না হলে তাঁরা তা বয়কট করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *