এশিয়া কাপের যে ট্রফি ভারত নেয়নি, সেটা নিয়ে পালালেন পাকিস্তান ক্রিকেটের কর্তা!

কলকাতা- এবার এশিয়া কাপের শুরু থেকেই দু’দলের মধ্যে সংঘাত চলছে। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে শুরুটা করেছিল ভারত। সেই ঘটনা ভাল ভাবে নেয়নি পাকিস্তান।

এবার শেষটাও করল ভারতই। এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি পাকিস্তানের হওয়ায় তাঁর হাত থেকে চ্যাম্পিয়ান ট্রফি নিতে অস্বীকার করে সূর্যরা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের অভিযোগ, সূর্যকুমার যাদবেরা ট্রফি নিতে অস্বীকার করায় এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিয়ে পালিয়ে গিয়েছেন মহসিন নকভি। বিষয়টি নিয়ে নকভির বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ জানাতে চলেছে ভারতীয় বোর্ড।

এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার পরেই শুরু হয়েছিল নাটক। ফাইনাল শুরুর আগে থেকেই শোনা যাচ্ছিল, চ্যাম্পিয়ান হলে ভারত পাকিস্তানের মন্ত্রী তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেবে না ভারতীয় ক্রিকেট দল।

সেই মতো পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর নকভির হাত থেকে ট্রফি নেয়নি সূর্যরা। খেলা শেষ হওয়ার সওয়া ১ ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

ভারতের কুলদীপ যাদব ম্যাচের সেরা ও অভিষেক শর্মা প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কার পান। তাঁরা পুরস্কার নেওয়ার পর সঞ্চালক ডুল জানান, ভারতীয় দল চ্যাম্পিয়নের ট্রফি নেবে না। নকভিও নিজের সিদ্ধান্ত থেকে সরেননি। অন্য কোনও কর্তাকে তিনি ট্রফি দেওয়ার অনুমতি দেননি। সেই কারণে ভারতীয় দলও নিজেদের দাবি থেকে সরেনি।

এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “যেহেতু ভরত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি রয়েছে তাই আমরা এমন কারও কাছ থেকে পুরস্কার নেব না, যিনি পাকিস্তানের মন্ত্রী। নীতিগতভাবে এই সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছিলাম। তার মানে এই নয় যে ভদ্রলোক ট্রফি ও মেডেল নিয়ে পালিয়ে যাবেন। এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *