কলকাতা- জেল থেকে বেরনোর পরই অর্পিতার সঙ্গে সম্পর্কের কথা খুল্লমখুল্লা স্বীকার করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তা করতে গিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে।
পার্থ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, “লোকের ২টো বউ থাকতে পারে। আমার বান্ধবী থাকতে পারে না? যাঁরা এটা নিয়ে বিদ্রুপ করেছেন, তাঁদের প্রতি সহানুভূতি রইল।”
অনেকের দাবি, পার্থর নিশানায় ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। পরে পার্থ খোলাখুলিই শোভন-বৈশাখীকে নাম করে নিশানা করেছেন। পার্থ বলেন, “অর্পিতা আমার বান্ধবী। তাতে অসুবিধে কী আছে? আপনারা যদি শোভন-বৈশাখীকে দেখাতে পারেন, তাহলে দেখাবেন। আরে এখানে দলে অনেককে খুঁজে পাবেন।”
ব্যাপারটাকে ভালোভাবে নেননি বৈশাখী। এবার তিনি পালটা তোপ দাগলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এক সংবাদমাধ্যমকে বৈশাখী বললেন, “শোভন ওর বান্ধবীর জন্য পদ ছেড়েছিল। আর উনি বান্ধবীর বাড়িতে টাকা রেখেছিলেন। পার্থক্য আছে।”
বৈশাখীর আরও কটাক্ষ, পার্থ ভালো মানুষ হতে পারেননি। তবে এতদিনে যে পুরুষ হয়ে দাঁড়াতে পেরেছেন, সেজন্য তাঁর সাধুবাদ প্রাপ্য। এলআইসি ফর্মে তো আঙ্কেল, নিস হিসাবে পরিচয় দিয়েছিলেন। সংশোধনাগারে গিয়ে নিজেকে সংশোধন করেছেন। বন্ধু হয়ে দাঁড়িয়েছেন। উনি মানুষ না হলেও পুরুষ হয়েছেন।”
