প্রয়াত খালেদা জিয়া, বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের অবসান

কলকাতা – বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের অবসান। দীর্ঘ অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তথা বিএনপি-র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকালে ঢাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

দীর্ঘদিন ধরেই কিডনি, লিভার, ফুসফুসে সংক্রমণ, ডায়াবিটিস, হৃদযন্ত্রের সমস্যা সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন খালেদা জিয়া। মাঝে মাঝেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। শেষবার গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। দেশ-বিদেশের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি-র চেয়ারপার্সনের চিকিৎসা চলছিল।

দু’দিন আগেও তাঁর চিকিৎসক জানিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ‘অত্যন্ত সংকটজনক’ অবস্থায় রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সোমবার রাতেও মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন খালেদা-পুত্র তারেক রহমান। কিন্তু এবার আর চিকিৎসায় সাড়া দিতে পারলেন না তিনি। এদিন সকালে বিএনপি-র তরফে জানানো হয়, আজ সকাল ৬টা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন খালেদা জিয়া।

বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন খালেদা জিয়া। স্বামীর মৃত্যুর পর সক্রিয় রাজনীতিতে পা রাখেন তিনি। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়েন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ থেকে ২০০৬ সাল এই দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যেমন ক্ষমতার শীর্ষে থেকেছেন, তেমনই লড়াই করেছেন রাজনৈতিক প্রতিকূলতার বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে বেশ কয়েক বছর জেলবন্দিও ছিলেন তিনি। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *